বৈদ্যুতিক বাতির আলোর সাহায্যে অমৌসুমে ড্রাগন ফল উৎপাদন কৌশল
ড্রাগন ফল দীর্ঘ দিবসী উদ্ভিদ হওয়ার কারণে ফুল ও ফল উৎপাদনের জন্য দিনের দৈর্ঘ্য ১২ ঘণ্টা বা তার বেশি হওয়া প্রয়োজন।
যে কারণে, এপ্রিল মাসের শেষ থেকে অক্টোবর মাস পর্যন্ত সাধারণত ড্রাগনফল গাছে ফুল ও ফল উৎপন্ন হয়। তবে নভেম্বর থেকে ফেব্রæয়ারি পর্যন্ত যখন দিনের দৈর্ঘ্য কম থাকে তখনও সন্ধ্যার আগ মুহুর্ত থেকে বৈদ্যুতিক বাতির আলোর ব্যবস্থা করে কৃএিম উপায়ে দিনের দৈর্ঘ্য বৃদ্ধির মাধ্যমে ড্রাগনফল গাছে ফুল ও ফল উৎপাদন করা যায়।
সম্প্রতি বাংলাদেশ কৃষি গবেষণা ইনষ্টিটিউট কর্তৃক উদ্ভাবিত প্রযুক্তি অনুযায়ী দেখা যায় যে, অক্টোবর হতে মার্চ মাস পর্যন্ত বিকাল ৪.০০ টা থেকে রাত ১০.০০ টা পর্যন্ত পূর্ণবয়স্ক ড্রাগন ফল গাছে বিভিন্ন তীব্রতা সম্পন্ন বৈদুতিক বাতির আলোর প্রয়োগ করা হলে, আলো প্রয়োগের ১২ থেকে ১৫ দিনের মধ্যে গাছে অমৌসুমী ফুলের কুঁড়ি দেখা যায়, যা হতে ১৫-২০ দিনের মধ্যে ফুল ফোটে এবং তার ২২-৩০ দিনের মধ্যে ফল আহরণ করা যায়।
বৈদুতিক বাতি হিসেবে ১০০ ওয়াট সাধারণ বাল্ব, ৩৫ ওয়াট সিএফএল (এনার্জি সেভিং) বাল্ব ও ২০ ওয়াট এলইডি বাল্ব কার্যকরভাবে ব্যবহার করা যাবে।
এক্ষেত্রে প্রতিটি খুঁটিতে স্থাপিত ড্রাগন ফল গাছের চার কোনায় চারটি বৈদুতিক বাল্ব মাটি হতে ১৩৫ সে. মি. থেকে ১৫০ সে. মি. উচ্চতায় এমনভাবে স্থাপন করতে হবে যাতে সমগ্র গাছ চারদিক থেকে আলো পায়।